Tuesday, 27 October 2026

আরশোলা হিট

 


দূর্গাপুজো শেষ।

মা বাড়ি ফিরে unpack করছেন  - কোন শাড়িটা ধুতে দিতে হবে, মিষ্টির রস পড়েছে কিম্বা মাংসের ঝোল  .....

হঠাৎ খাটেরতলা থেকে আরশোলার আবির্ভাব!


আরশোলা: মা, এ বছরের মতন তো পুজো মিটলো।আপনি তো জানেন এবার দুর্গাপুজোয় আরশোলা হিট! 
এবার ....মানে   ...... ইয়ে   .....আমার একটা আর্জি  আছে । 
আমি আপনার কিংবা আপনার পরিবারের কারুর বাহন হতে চাই  ! from  next pujo, I mean.

মা তো হেসেই কুটোপাটি, এমনি অসম্ভব চিন্তা মাথায় এলো কি করে?

আরশোলা নাছোড়বান্দা । 
সিংহ, হাঁস, ময়ূর, প্যাঁচা, ইঁদুর - এদের এমন কি আছে যা তার নেই?

মা দূর্গা: আচ্ছা আর্জি না হয় বুঝলাম, কিন্তু তোর আছেটা কি? তুই কি পারিস ?

আরশোলা: মা, আমি বাঁচতে পারি ।যে কোনো প্রতিকূল পরিস্তিতিতে আমি নিজেকে বাঁচাতে পারি। 
হাওয়াই চটি, ফেনাইল, ঝ্যাঁটা, Hit  - আমি কাউকে ভয় পাইনা। Bring it on !
আপনার বানানো মানুষদের তো আমি এক্কেরে ভয় পাইনা ! ওরা কিছু বুঝে ওঠার আগেই আমি কুড়কুড় করে রান্নাঘরের পাইপ দিয়ে ভ্যানিশ! 
আমি হলাম The ultimate survivor !

মা দূর্গা: বুঝলাম। কিন্তু শুধু বাঁচলেই তো চলবে না । 
সিংহের শক্তি আছে, ময়ূর নাচতে পারে, হাঁসের রূপ আছে। ইঁদুর আর প্যাঁচা .....উম  ...দাঁড়া ভেবে বলছি ।
তবে কিছু তো থাকতে হবে! Some skill!!

আরশোলা : আছে তো! আমার আছে আত্মবিশ্বাস! 
আমাকে গর্জন ও করতে হয়না, শুধু মাত্র দেখা দিলেই  ......ব্যাস!
আমাকে বাথরুম এ দেখলে ইয়া লম্বা চওড়া মানুষও বাঁচাও বাঁচাও চিৎকার করে । 
সাইজে ছোট হতে পারি কিন্তু impact ? HUGE !!

মা দূর্গা:  সে তো বুঝলাম, কিন্তু শুধু আত্মবিশ্বাস থাকলে তো চলবেনা । সবাই তোকে ঘৃণা করে, একটু আধটু জনপ্রিয়তা না থাকলে বাহন হবি কি করে বাছা ?

আরশোলা: সে তো ইনকাম ট্যাক্স, ডেমোক্রেসি, RG, হেলেঞ্চা শাক, ইত্যাদিও জনপ্রিয় নয়, তাই বলে কি তাদের কোনো অস্তিত্ব নেই? বহাল তবিয়তে আছে  ...... 
জনপ্রিয়তা আবার একটা মেট্রিক হলো.আজকাল?  কি যে বলেন মা.....আপনি সেই সেকেলেই থেকে গেলেন।

মা দূর্গা [একটু রেগে]: কিন্তু বাহন হয়ে তুই করবি কি?

আরশোলা : আজ্ঞে মা, আমি তিনটে জিনিস করতে চাই.
১. বাহন' পোস্টটাকে আমি আরো শক্তিশালী করতে চাই । কেবল চুপচাপ পায়ের কাছে বসে থাকবোনা। প্রশ্ন করবো, চ্যালেঞ্জ করবো, প্রোটেস্ট করবো। DebTube, Mokshagram, SwargaBook   ......
২. অনেক AI, BI হলো । আমি এবার বাজারে CI আনতে চাই ।
৩.  এছাড়াও আমি মর্তে sustainability নিয়ে কাজ করতে চাই । প্রথমে নালা নর্দমা পরিষ্কার করতে চাই , তারপর প্লাষ্টিক সরাতে চাই , তারপর  ...... আমার মাথায় অনেক প্ল্যান ।

মা দূর্গা : তা এইসব সরিয়ে দিলে, তুই থাকবি কোথায়? তুই তো নালা নর্দমা ভালোবাসিস।

আরশোলা : মা, আমি তখন মানুষদের সাথেই থাকবো। একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া করবো।
একবার আপনার বাহন হয়ে গেলে.. ব্যাস, ওরা আমাকে ঘৃণাও করবে না, ভয়ও পাবে না.... মিলে মিশে থাকতে দেবে। "বাহন" পোস্টটার একটা কেতা আছে না?
আর সত্যি বলতে কি, যা দিন কাল পড়েছে, তাতে খুব শিগগিরই ডাইনোসর এর মতন মানুষও বিলুপ্ত হয়ে যাবে। 
Artificial Intelligence এর ভয়ে ইতিমধ্যেই ওরা অর্ধমৃত ! ওদের নিয়ে আর অত আদিখ্যেতা করে লাভ নেই ।
বেঁচে থাকবো শুধু আমরাই ।
আমি এবং আমার সমস্ত আরশোলা ভাইবোনেরা সিংহের ইস্তফা চাই। 
পুজো শেষ, এবার কাজে নামা যাক ।

মা দূর্গা : বটে? গনশা, কার্তিক. ...কই গেলি?  আনতো আমার ত্রিশূলটা  ...দরজার পাশ থেকে ....
দেখি কেমন "The ultimate survivor"

কুড়কুড় কুড়কুড় কুড়কুড় কুড়কুড় কুড়কুড়. ................exit !

Friday, 3 April 2026

বাঙালির গ্যাস, মাছ, নির্বাচন

গ্যাস, মাছ, নির্বাচন 

তিনটি বিষয়ই বাঙালির অত্যন্ত প্রিয় ।
তিনটিতেই বাঙালির প্রচুর জ্ঞান এবং তিনটিকে ঘিরে বাঙালি অত্যন্ত ভাবপ্রবণ।
বাংলায় যাকে বলে "sensitive"!

pc: The Hindu


বাঙালির গ্যাস নিয়ে একটা ইয়ে  .... মানে  ....দুর্বলতা আছে.।সহজেই এই বিষয়ে ইমোশনাল হয়ে যায় । 
একাধারে ভোজন রসিক, অন্যধারে কিছু খেলেই একটা 'গ্যাস হয়ে যাবে'  ভয় - এই  নিয়েই বাঙালির জীবনের অনেকটা সময় কেটে যায় ।

কি কি খেলে গ্যাস হতে পারে সেটা নিয়ে প্রথমে প্রচুর আলোচনা-বিবেচনা  ..
গ্যাস যাতে না হয় তাই খাবার আগেই দুটো Pantec40...
এরপরেও যদি গ্যাস হয়  তাহলে দুটো Gelusil চিবিয়ে জল দিয়ে ...
তাও যদি পেট ঢিস ঢিস করে, তবে এক কাপ উষ্ণ জলে জোয়ানের আরক দুই ঢাকনা ..
সাথে চোয়া ঢেকুর উঠলে, পেটে হালকা করে নারকোল তেল আর জল মালিশ ...
এরপর এক গ্লাস Sprite, ব্যালকনিতে ব্যাজার মুখে কিছুক্ষন পায়চারি,  Charles law-Boyles law মাথায় রেখে গ্যাস নির্গত করা, ইত্যাদি  -- সে এলাহী কারবার - almost a project!
তা সেই বাঙালির গ্যাস এর ঘাটতি - ভাবা যায়?
নো জোকস please - বাঙালির গ্যাস নেই  - this is serious business!


pc:Instagram


এবার আসা যাক মাছ এবং নির্বাচনের ব্যাপারে - equally sensitive, ইফ নট মোর !!
সকাল ৮টায় হাতে থলি নিয়ে বাবু বাজার যান ।এদিক ওদিক একটু ঘুরে সোজা মাছের দোকানে ।

'কি রে টাটকা হবে তো?'
'আজ্ঞে বাবু, এই তো লাফাচ্ছিলো '।
'তা আমাকে দেখে ঝিমিয়ে পড়লো নাকি? আমি মাছ চিনিনা?'
'আজ্ঞে না বাবু, আপনাকে কি আমি আজ অবধি কোনোদিন খারাপ মাছ দিয়েছি? এই পাড়ায় আমাকে থাকতে হবেনা?
'শোন, বাজে না বকে আমাকে ওই এক কিলো কাতলা কেটে দে - দেখি কানকোটা একটু তুলে দেখা, পেটি গাদা মিলিয়ে দিবি' 
'বাবু, আপনার মুড়োটা?'
'অবশ্যই, গিন্নি মুড়িঘন্ট বানাবে যে'
'বাবু , ট্যাংরা একদম ফ্রেশ । অল্প করে দি? কালোজিরে লঙ্কা কাটা ঝোল দারুন লাগবে'
'ওসব ফ্রেশ-ট্রেস আমাকে বোঝাস না - দেখেই বলে দেবো freezer এর মাছ । চিংড়ি কত করে দিছিস?'
'এমনিতে ৯০০, আপনার জন্য ৭৫০!'
'আচ্ছা দে, ওটা এক কিলো দিয়ে দে, বাজারে ভালো কচুর লতি দেখে এলাম'

ব্যাস বাবু খুশ ! এবার বাড়ি গিয়ে চান সেরে, মাছের ঝোল ভাত খেয়ে দুলকি চালে অফিস ।
এহেন মাছ-কাতর বাঙালিকে মাছ খেতে দেবেনা বললে মাথায় আকাশ ভেঙে পড়বে না? 

চিন্তার কোনো কারণ নেই, উপায় আছে - নির্বাচন!
... and this time election is 'fishy' business!!

কালো হাত, লাল হাত, নীল হাত ,সবুজ হাত ...ভেঙে দাও গুড়িয়ে দাও - সব রঙের হাতের ব্যাপারেই বাঙালির প্রচুর উত্তেজনা ।তা সে যে রঙের হাতই হোক না কেন, তাতে যদি একটা তাজা মাছ ঝুলিয়ে দেয়া হয়, তাহলে সব সমস্যার সমাধান।
তাই এবারের নির্বাচন প্রচারে মাছ এক অন্যতম মুদ্দা !!
Vote for me, I come with fish! 
উন্নতি-ফুন্নতি, শিক্ষা-ফিক্ষা, নীতি-ফিতি, চাকরি-ফাকরি পরে দেখা যাবে ....
(হায় রে বাঙালি - এই রাজ্যের কেউ একদিন বলেছিলো give me blood, I will give you freedom)

😎
এই সূত্রে হিজিবিজি-পাঁচালি-কবির পুরোনো কয়েকটা লাইন মনে পড়ে গেলো :
[পাঠকদের কাছে অনুরোধ লক্ষী পাঁচালির মতন দুলে দুলে সুর করে পড়ুন...]

গ্রীষ্মের ঘেমো হাওয়া নির্মল আকাশ,
থমকিয়া দাঁড়াইয়া ভোটের বাতাস ।
মর্তে বসে নরনারী গোনে দিন ক্ষণ,
হইতেছে চিন্তা কে পাইবে সিংহাসন !
হাত-পদ্ম-তৃণ-কাস্তে কিসে পড়িবে ছাপ,
ভাবিয়া ইহা বাড়ে মানসিক চাপ !
হেনকালে বীনাহস্তে নারদ মুনিবর,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর !
কহিলেন, প্রভু মর্তে দেখি ঘোর কলি,
কাহারে ছাড়িয়া আমি কার কথা বলি !
সৃষ্টি করিলেন যাদের করিয়া  যতন,
নির্বাচনকালে তাদের অধঃপতন!
ধর্ম-টর্ম জাত-পাত অযথা তুলিয়া,
হিংসায় ভরিছে মন, ভালোবাসা ভুলিয়া।
নারদের বাক্য শুনি, লক্ষীঠাকুরানী,
সঘনে নিশ্বাস ত্যাজি কহে মৃদুবানী।
মুনিবর, শুনিলাম মর্তের  বিবরণ,
গদি ও ক্ষমতার লোভে মগ্ন সর্বজন !    (innocent  rhyming, no sarcasm )
জনতারে দিয়েছিলাম বুদ্ধি অনেক,
ভালোমন্দ করিতে বিচার, ভাবিয়া ক্ষণেক!
নিজ বুদ্ধি স্বেচ্ছায় রাখে যে তুলিয়া,
কপট নেতার কথায় যায় সব ভুলিয়া !
তাই,
Strategy বদলাইয়া এবার দেবদেবীগণ,
Chill থাকিব মোরা  করিয়াছি পণ !!
বাড়াবো না BP আর শুধু শুধু রোষে,
ভুগিবে মর্তবাসী নিজ কর্মদোষে !
যদি বুদ্ধি বিবেক দিয়া না করে নির্বাচন 
আনিবে ডাকিয়া তারা নিজের পতন ........
ভোট ব্রতকথা আজ হলো সমাপন,
May the best win and get the সিংহাসন!


Thursday, 19 March 2026

'Let us make the Earth great again' পাঁচালি

যবে থেকে পাঁচালি লেখা এবং পড়া বন্ধ করেছি, দুনিয়ায় কেবল  অশান্তি।
ভক্তগণ , এখনো সময় আছে দুলে দুলে পাঁচালি পড়ো, শান্তি নিয়ে এসো  ........
[Prayer :'Let us make the Earth great again' ]

pc: independent.co.uk

{ পাঠকের কাছে অনুরোধ দুলে দুলে পড়ুন }


বসন্তের মৃদু হাওয়া নির্মল আকাশ |
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস ।|
পদ্মে বসে চিন্তিত মুখ লক্ষীনারায়ণ,
মর্তের চিন্তায় তাঁদের হোল ভ্রুকুঞ্চন| ।।
নারায়ণ কন, প্রিয়ে দেখে লাগে ভয়,
মর্তের বুকে আজ না জানি কি হয়।।
'শান্তি চাই শান্তি চাই' কান ঝালাপালা,
বেশ তো ছিলাম, হলো একি জ্বালা !
বলিলেন মা লক্ষী হাতপাখা রেখে, 
"কিছু করো প্রাণনাথ, দেবো diet-সিন্নি মেখে"

হেনকালে বীণা হস্তে নারদ মুনিবর ,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর||
কহিলেন প্রভু মর্তের কি করিবো বর্ণন 
যুদ্ধ-যুদ্ধ খেলায় পাগল করিছে নাচন ।।
নরনারী ভয়ে ভয়ে গোনে দিনক্ষণ,
অহেতুক চারিপাশে বোমা বরিষণ ।
প্রভু, ছোট মুখে বড় কথা বলিতেই হয়,
সৃষ্টি করেছেন এ মানব বদ অতিশয় ।।
কি করিয়া বানাইলেন এমন এক পিস্ 
ফর্মুলা ভুল নাকি গণনাতে মিস?
কমলা মুখের রং, বাহারিয়া কেশ,
এ দানব, প্রভু সব করিতেছে শেষ ।
বড় কষ্টে মর্তবাসী, ত্রাহি ত্রাহি রব,
তেল নেই গ্যাস নেই, কি করিবে সব?
কি করে থামিবে পাগল, বলুন উপায়,
ভক্তেরা বড় ক্লেশে দেখে এনু হায় ।
এহেন মানবেরে বসায়ে সিংহাসনে 
আপনারা দেবদেবী শান্ত কেমনে?
প্রভু এরে দয়া করে দিন নির্বাসন,
ভক্তেরাও সিন্নি দিয়া করিবে পূজন। 

ধ্যান মগ্ন প্রভু,  চক্র বনবন ঘোরে,
পাশে দেব দেবীগণ বসে করজোড়ে ।
"ফিরে যাও মুনিবর, বলো ভক্তগনে,
আসিতেছি আমি মর্তে তাদের রক্ষণে ।
Hormuz এ কাল আমি করিব অবতরণ,
পাগলের ভাষাতেই হবে আলোচন  |
...this is going to hit him hard, very hard,
Believe me, I have the final Trump card!!
I will bring peace, I will end pain
Let us make the Earth great again............."
😆😁

Saturday, 16 November 2024

স্বপ্ন, পোলাও, ঘি ......ভালোবাসা

অভিজিৎ এর মা বলতেন. .....স্বপ্নেই যদি পোলাও খাবো তবে ঘি কম ঢালবো কেন? 
কথাটা আমার খুব ভালো লাগে |  একটা অদ্ভুত পজিটিভিটি আছে কথাটাতে। একটা সীমাহীন স্বপ্ন দেখার উৎসাহ ।
জীবনে অনেক কিছুই তো ইচ্ছে থাকে, সব হয়ে ওঠেনা। কিন্তু তাই বলে তো আর স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না! 
আর যদি স্বপ্নই দেখবো তবে কম দেখবো কেন? সীমাহীন স্বপ্ন দেখবো ।
মন নেচে উঠবে আনন্দে। হোক না স্বপ্ন ......আজকের স্বপ্ন দেখাটা তো আমার হাতে ।
 .....কাল কি হবে আমরা কেউ জানিনা । 
বাংলায় যাকে বলে, " কাল হো ন হো "
😊

মা এই দামি কথাটা যেন আমার জন্য রেখে গেছেন । আমি প্রচুর লোকজনকে এই কথাটা বলি ।যতবার বলি, একটা অদ্ভুত শক্তি পাই । আরও এক ধাপ সামনের দিকে এগোতে পারি । 
নতুন করে ভালো কথা ভাবতে ইচ্ছে করে। ভবিষতের প্ল্যানিং করতে সাহস পাই । 
আজকাল তো আমার নন-ইন্ডিয়ান বন্ধুদেরও ট্রান্সলেট করে বলছি।
 'পোলাও' এর জায়গায় 'বিরিয়ানি' বলে দেখছি ব্যাপারটা বেশি effective হচ্ছে । Youtube এ  ঘি আর বিরিয়ানির ছবি দেখিয়ে বোঝাবার চেষ্টাও করছি। অনেকেই বলছে , 'oh how philosphical!'
ফিলোসফি, স্পিরিচুয়ালিজম, লাইফ লেসন, পসিটিভিটি, অপ্টিমিসম  - মিলিয়ে সত্যি মন ভালো করা একটা কথা!
If you are having Biryani in your dreams, why put less ghee? [direct translation]

তাই বন্ধুগণ , স্বপ্ন আছে, পোলাও (বিরিয়ানি) আছে, ঘিও আছে !  ঢালো আর খাও   ......
😀

এবার গল্পে আসি। 
কাজের সূত্রে বেঙ্গালুরু যেতে হয় আজকাল। হোটেল এ থাকি -আহা রকমারি খাবার দাবার - মন ভালো হয়ে যায় ।
একই হোটেলে প্রত্যেকবার থাকি বলে একটা চেনাশোনা ব্যাপার হয়ে গেছে। যেহেতু আমি একটু  ..ইয়ে  ... মানে  ....ইয়ে খাদ্যরসিক  .. ফলে ওখানের Chef এর সাথে রোজ ব্রেকফাস্ট এ ভালো গল্পও হয় । 
একদিন দেখি সকালবেলা মেনুতে  "নিহারী-শিরমাল"।




খুব সুন্দর দেখতে, লোভ হলো কিন্তু ভাবলাম এমনি ব্রেকফাস্ট করে কি আর কাজে যাওয়া যায়? 
নাহ থাক - ইডলি, দোসা নিয়ে গুটি গুটি এসে বসলাম টেবিলে । 
হঠাৎ Chef Khan হাজির ।
Chef : ম্যাডাম, প্লিজ নিহারী-শিরমাল ট্রাই করকে দেখিয়ে - বহুত আচ্ছা লাগেগা।..
আমি:  আরে নানা, সুবাহ সুবাহ ইতনা খানা মুশকিল হ্যায় - কাম পে জানা হ্যায়। ..
আমার সমস্ত আপত্তি ধূলিসাৎ করে Chef Khan আমাকে এক প্লেট নিহারী-শিরমাল দিয়ে গেলেন । আমার ততক্ষনে পেট ভরে গেছে তাই ভাবলাম শুধুমাত্র ওনার মন রাখার জন্য  ...এক টুকরো শিরমাল এক চামচ নিহারীর সাথে খাবো - Not a bite more!
কিন্তু যেই না মুখে দিয়েছি  ... ব্যাস  ..... সমস্ত আত্মসংযম ভেঙে গুঁড়িয়ে তছনছ হয়ে গেলো  !!!
এক প্লেট নিহারী-শিরমাল মুহূর্তের মধ্যে ভ্যানিশ!!
Chef Khan কখন এসে টেবিলের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্য করিনি।
মুখে একটা স্মিত হাসি  - চোখে যেন  "কি বলেছিলাম? " চাউনি ।
এক গাল লজ্জিত হাসি হেসে বললাম  - দারুন খেলাম শেফ , এতে কি মসলা দেওয়া হয়েছে? আমাকে এক চামচ মসলা দিতে পারেন? একটু হাতে নিয়ে দেখতে চাই। ..
খুব খুশি হলেন। বললেন , 'ইয়ে মাসালা লাখনৌ সে মঙ্গাতে হ্যায়  ....জরুর দেঙ্গে '
আমিও বেশ একটা নবাবী মেজাজ এ অফিসের দিকে রওনা দিলাম। 

কাজের চাপে তারপরের কয়েকটা দিন একেবারে. ...একেবারে...একেবারে ল্যাজে গোবরে অবস্থা! 
অফিস-হোটেল, হোটেল-অফিস ।
দেখতে দেখতে ফেরার দিন এসে গেলো । সকালে checkout করে, সুটকেস-ব্যাগ রিসেপশন এ জমা রেখে অফিস গেলাম। বিকেলে ফ্লাইট , ফিরে লাগেজ নিয়ে এয়ারপোর্ট চলে যাবো।
বিকেলে এসে লাগেজ নিতে গিয়ে দেখি সুটকেসের ওপর এলুমিনিয়াম ফয়েল এ মোড়া Chef  Khan এর গিফট ।
আমার জন্য যত্ন সহকারে নিহারী মসলা প্যাক করে রেখে গেছেন তিনি  ।

মন ভরে গেলো - ভালোবাসায় । Food is such a wonderful connector!
এখনো বানানো হয়নি, তবে বানাবো । 
সুদূর নেদারল্যান্ড এ বসে লখনৌই মসলায় নিহারী জমে যাবে মনে হয় ।
পরিমান মতন ঘি ও ঢালবো ।
😊




Wednesday, 20 September 2023

মধুচন্দ্রিমা ট্রাভেলস - included in the package


https://www.esa.int/Enabling_Support/Operations/India_s_Chandrayaan-3_successfully_lands_on_the_Moon


অফিস থেকে ফিরছিলাম ।
 "মধুচন্দ্রিমা ট্রাভেলস" বুকিং অফিসের বাইরে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে, হঠাৎ কানে এলো.....

A ::  আচ্ছা দাদা, আপনিও কি "চন্দ্রিমা" প্যাকেজ?

B ::  অবশ্যই ! এখন থেকে বুকিং না করলে সেই ওয়েটিং লিস্ট!  আমাদের যা হয়েছে হোক, সারা জীবন কেটে গেলো ওয়েটিং লিস্টে । ছেলেটাকে যাতে একটা ভালো ভবিষৎ দিতে পারি ....


A  :: আমাদেরও একই  গল্প। গিন্নি জোর করে পাঠালো। দশটা না, পাঁচটা না, একটা মাত্র মেয়ে । আজ বাদে কাল বড় হবে, বিয়ে দেবো , তখন গিন্নির 
ইচ্ছে মেয়ে জামাইকে একটা "চন্দ্রে মধুচন্দ্রিমা" গিফট করবেন।
কিন্তু কি লাইন দেখলেন? ভোর ৪ থেকে ইঁট পেতে লাইন দিয়েছিলাম । .....

B  : সেই, এ ছাড়া তো গতিও নেই । পৃথিবীতে কি আর মধুচন্দ্রিমার জায়গা খালি  আছে বলুন? এখনই যা অবস্থা, ছেলেমেয়েগুলোর বিয়ে হতে হতে . ....


A ::  যা বলেছেন দাদা! পরিবেশ দূষণের ঠেলায় নিশ্বাস নিতে পারছিনা! 


B :: তা বটে তবে ওখানেও তো অক্সিজেন নেই ...


A ::  আরে বাবা, আজ নেই, কাল কিছু না কিছু বন্দোবস্ত হবেই ! কয়েক বছর আগে কি চাঁদে যাবার চন্দ্রযান ছিল? 
বৈজ্ঞানিকরা তো এমনি এমনি দিন রাত এক করে কাজ করছেন না !  একটু পসিটিভ ভাবুন  .......
"মধুচন্দ্রিমা ট্রাভেলস" প্রমিস করেছে কলকাতা থেকে দিনে মিনিমাম দুটো করে চন্দ্রযান ছাড়বে! রাস্তায় জলখাবার included in the package ! খাস্তা কচুরি আর জিলিপি ।

B ::  বাবা তো, চিন্তা হয়। জানি ওখানে জল ও নেই। ...


A  ::  তা এখানে কোনসা আছে?  চারিদিকে খাবার জলের অভাব ! নেতারা কেবল কথা বলে চলেছে, কাজের বেলায় লবডঙ্কা! গঙ্গার অবস্থা দেখেছেন?

"মধুচন্দ্রিমা ট্রাভেলস" আশ্বাস দিয়েছে , চাঁদে এমন একটা ট্যাবলেট পাওয়া যাবে  যেটা খেলে আর জল খেতেই  হবেনা ১০ দিন।
ওটা 
 included in the package !

B ::  একটাই চিন্তা, চাঁদে wifi টা  .......

মেয়ে Status আপডেট দিতে পারবে তো? "honeymooning on the moon"? নয়তো গিন্নির এই উপহার একেবারে বৃথা যাবে। বন্ধু মহলে মুখে দেখাতে পারবেনা। ...
বাবা মা হওয়ার বড় চিন্তা , সব রকম ভাবতে হয়।

A :: আরে মশাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন!  Jio পৃথিবীতে এখনই দিনে 5 GB data pack দিচ্ছে। 
"মধুচন্দ্রিমা ট্রাভেলস" ভরসা দিয়েছে যে চাঁদে wifi তখন আর লাগবেনা । তখন সব কিছু Advanced Progressive Generative Modular Agile সবজান্তা AI....না কি একটা যেন হয়ে যাবে  ...সেটা ওই "চন্দ্রিমা"..  included in the package!

তা আপনার ছেলের কত বয়স?

B  :: এই দুই এ পা দিলো।....তবে দেখতে দেখতে সময় কেটে যাবে।...Time flies . 
আপনার মেয়ে?

A :: না মানে... আমার গিন্নির ওই আগামী মাসের ২৪ তারিখ ডেলিভারি ডেট  ......
চন্দ্রযান এর মহিলা বৈজ্ঞানিকদের কথা জানার পর আমাদের দুজনেরই ইচ্ছে মেয়ে হোক! 

[বাস এসে গেলো,  উঠে পড়লাম, বাকিটা আর শোনা হলো না ]
....to be continued......

Saturday, 12 August 2023

আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই



খুব যত্ন করে হরিভাউ বানিয়েছেন আমাকে। উনি থাকতেন মুম্বাই এ, হয়তো এখনো আছেন । হরিভাউ স্বপনে জাগরণে শুধু গান বাজনা ভাবতেন - ওনার বানানো তানপুরা, সেতার , গিটার দেশের এবং বিদেশের নানা কোণে ছড়ানো । আমি তাদেরই মধ্যে একজন।
আমি তানপুরা ........ 

একদিন দোকান এ বসে হরিভাউ ফোনে কারুর সাথে কথা বলছিলেন । ফোন রেখে উনি আমার কাছে এসে দাঁড়ালেন - একবার বাজালেন-  আমার চারটে তার এক সুরে বেজে উঠলো - কেন জানি না আমার অজান্তেই বাজলো বিদায়ের সুর|বুঝলাম এবার যেতে হবে । অন্যান্য কিছু বন্ধু বান্ধবের সাথে পাড়ি দিলাম সাত সমুদ্র পেরিয়ে একটা ছোট্ট দেশে- ওলন্দাজদের দেশ ।
হল্যান্ড ।

এসে নামলাম Rotterdam এ - সেখান থেকে সোজা সামসুদ্দিন ভাইয়ের দোকানে । সারা রাস্তা জানলা দিয়ে বাইরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম- কি সুন্দর এই দেশ । মনে মনে ভাবলাম কি জানি এরা কেমন মানুষ ! আবার ভাবলাম যেমনই হোক না কেন, আমি আমার সুরে সুরে দেশটা ভরিয়ে দেবো । আমার সহযাত্রী দুই সেতার ও এক সরোদ ও নিশ্চয় তাই ভাবছিলো - সবাই জানলার দিকে তাকিয়ে একটু যেন আনমনা। আসলে বিদেশের মাটিতে জীবন কেমন কাটবে- মাথার মধ্যে অনেক চিন্তা  .....
পরেরদিন সকালেই সামসুদ্দিন ভাই আমাদের ঝেড়ে মুছে সাজিয়ে দিলেন ওনার দোকানে । এবং তার ঘন্টা খানেকের মধ্যেই দোকান এ দুই ডাচ মহিলার আগমন । কি যে দুজনে খসখস ঘষঘষ করে বললেন সামসুদ্দিন ভাইকে  (অবাক হয়ে শুনলাম এদের ভাষা, কিছু বুঝলাম না। এখন কিন্তু আমি ভাষাটা পুরো বুঝি 😊)
উনি আঙ্গুল তুলে আমার দিকে দেখালেন ।
দুজন কাছে এসে দাঁড়াতেই কি যে হলো আমার- যেন মনে হলো আমি এদের জন্যই তৈরী হয়েছি । কি শান্ত হাসি দুজনের মুখে । আমাকে দেখে ছোট শিশুর মতন চোখে আনন্দ । আবার নিজেদের মধ্যে সেই খসখস ঘষঘষ ভাষায় কিছু বলাবলি হলো ।

একজন এগিয়ে এসে আমার তারে হাত দিলেন। 
আমি উত্তর দিলাম  ....সা ....
উনি ওনার বান্ধবীর দিকে তাকিয়ে হেসে ইশারা করে বললেন কিছু বাজাতে, দ্বিতীয় মহিলা ও এসে ছুঁলেন আমাকে।
আমি বললাম   ..... পা  ......সা  ......
অনেক প্রশ্ন , আমার এক উত্তর   ...পা ...সা.....সা .....
চোখ মুখ এবং কথা বলার আনন্দ দেখে বুঝলাম খুব পছন্দ হয়েছে আমাকে । 

ফেলিন আর মিরা । ভালোবাসায় ভরা সংসার দুই বান্ধবীর ।
বাড়িতে নিজেরা Yoga ক্লাস করে। সেই ক্লাসে তানপুরা বাজাতে চায়, আমাকে সযত্নে নিয়ে এলো বাড়ি । আমার যে কি ভালো লাগতে শুরু করলো - রোজ সকাল এ ক্লাস হয়, আমাকে ঘিরেও নানা কৌতূহল, মন প্রাণ ঢেলে সুরের ঢেউ তুলতে লাগলাম। ওদের হাসি কান্না ভালোবাসা -সব মিলিয়ে জীবন চললো । কেটে গেলো ১০ বছর ।

ফেলিন আজ নেই । ওর অনন্ত শেষ যাত্রাতে আমি মন প্রাণ উজাড় করে বিদায় জানিয়েছিলাম।
 .. সা... .... পা   .....  সা ....
মিরা মুভ  করছে একটা ছোট এপার্টমেন্ট এ- সেখানে সব জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। বয়স ও হয়ে গেছে, আমাকে বাজাতে চাইলেও হাতের ব্যথার জন্য বাজাতে পারেনা - arthritic wrist  খুব বেদনাদায়ক। 
শুনলাম বন্ধুকে বলছে ফোনে, কাউকে চেনো যে তানপুরা বাজাতে ইচ্ছুক? আমি বিক্রি করতে চাইনা কিন্তু এমন কাউকে দিতে চাই যে আমার আর ফেলিনের এই প্রিয় বাদ্যযন্ত্রটা ভালোবেসে বাজাবে ।

দুদিন পরেই বন্ধু হাজির।কাউকে বুঝি পাওয়া গেছে ।
 বেরিয়ে পড়লাম আমার নতুন বাড়ির উদ্দেশ্যে ।

 " D "  
আমাকে হাতে পেয়ে চোখে মুখে ঝকঝকে উত্তেজনা । এক দেখাতেই বাড়িটা আর D কে আমার বেশ ভালো লাগলো । তবে বাজানো দেখেই বুঝতে পারলাম বহু বছর পর তানপুরাতে হাত দিচ্ছে । কিন্তু ছোঁয়ার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা অনুভব করলাম - কেমন জানি আমাদের একটা কানেক্ট হয়ে গেলো - যেন এই বাড়িতে আসাটা আমার ভাগ্যে লেখা ছিলো । নয়তো কোথায় হরিভাউ, কোথায় সামসুদ্দিন ভাই, কোথায় ফেলিন , কোথায় D - 
আমরা কেমন করে এক তারে বাঁধা!

রোজ সকাল এ ঘুম থেকে উঠেই আমার তারে একটা ঝংকার দিয়ে তারপর D চায়ের জল বসায় । ঠিক যেন আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য একটা ঠেলা । তারপর সারাদিন নানা কাজে ব্যাস্ত থাকে ঠিকই তবে আমার প্রতি ভালোবাসাটা আমি স্পষ্ট অনুভব করি । অনেকদিন বাদে আবার গান শিখছে - গলা কাঁপে কিন্তু প্রচুর শক্তি পায় সুরের মাধ্যমে । রেওয়াজ করবো ভেবেও রোজ বসা হয়ে ওঠে না - একটু ফাঁকিবাজ ও আছে ।আমি কিছু বলিনা - তবে মুচকি মুচকি হাসি । আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে , অনেক মনের প্রাণের কথা হয় আমাদের ।
আমিও মনপ্রাণ দিয়ে সুরের শক্তি উজাড় করে দি D কে।
 .. সা... .... পা   .....  সা ....
 রাগ ইমন, ভৈরব, কাফি, খাম্বাজ এসেছে আমাদের জীবনে  - দুজন মেতে উঠেছি সুরে সুরে। ....

এরপর যেটা হলো সেটা একটা স্বপ্নের মতন । 
সকাল সন্ধে শুরু হলো এক আলোচনা - কৌশিকী চক্রবর্তী নাকি আসবেন  নেদারল্যান্ডস - Cheerful Child এর fundraiser - সেই টাকা দিয়ে বাচ্চাদের স্কুল তৈরী হবে। আলোচনা যত বাড়তে লাগলো তত বাড়তে লাগলো উত্তেজনা । D  যেন যুদ্ধে যাচ্ছে এমনি একটা ভাব । সারাক্ষন Youtube এ কৌশিকীর গান বাজছে বাড়িতে - ভুরু কুঁচকে নানা হিসেবে নিকেশ করছে কম্পিউটার খুলে - ফোনে নানা আলোচনা , প্লেনের টিকিট, কার গাড়ি যাবে,  স্টেজ কে সাজাবে, ডিনার এ কি খাওয়ানো হবে  - সে হৈ হৈ রৈ রৈ ব্যাপার ।আমি তো চুপচাপ সব শুনছি আর ভাবছি  ...... 
D -র পাগলামির কি শেষ নেই  !!
হঠাৎ একদিন শুনি D ফোনে কৌশিকীর সাথেই কথা বলছে  -
"আমার একটা তানপুরা আছে - তবে জানি না সেটা তোমার ঠিক লাগবে কিনা, এটা G # এ বাঁধা"

ব্যাস, আমার তো ঘুম গেলো উড়ে । সারা দিন রাত স্বপ্ন দেখতে শুরু করলাম যে স্টেজে আমি কৌশিকীর সাথে সুর মেলাচ্ছি ।
মন থেকে কিছু চাইলে শুনেছিলাম সেটা  সত্যি হয় - the universe makes it happen. আমার জীবনেও ঠিক সেমনি কিছু হলো. 
৩০ জুন : কৌশিকী নিজে হাতে আমাকে নতুন তারে বাঁধলো - ঠিক যেন নতুন জীবনের শুরু ।
প্রত্যেকটা ঝংকারে আমি উজরে দিলাম আমার মনের কথা, ধন্যবাদ জানালাম ঈশ্বরকে যিনি আমাকে এমনি সুযোগ দিয়েছেন - জগতে সুর ভরিয়ে দেওয়ার।

ছবিটা দেখো। বাঁদিক থেকে দ্বিতীয় - আমি !!
😊

এরপর জীবন কোথায় নিয়ে যাবে জানিনা - তবে D র কাছে থাকতে চাই সবসময় ।
ভগবানের কাছে প্রার্থনা করি যেন যেখানেই থাকি, সুরে থাকতে পারি ।

আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই. 
নাই বা পেলাম দরশ তোমার, গানে গানে যেন তোমায় পাই। ......

30th June - "Blessings " concert  Amsterdam 


ps :অনেকটা  সত্যি, কিছুটা কাল্পনিক 

Monday, 19 December 2022

Adios ....till 2026

 



ফুটবলে "গোল" ছাড়া কিছুই বুঝিনা !
ফ্রি কিক আর পেনাল্টিটা তবু অল্প রপ্ত করেছি ।
তবে অফসাইডটা আর ইহজীবনে বোঝা হয়ে উঠলো না ।


"আচ্ছা বলটা কি পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার অপোনেন্ট প্লেয়ার এর গোল লাইন থেকে   ...ইত্যাদি। ইত্যাদি।...!
"তাহলে কি প্লেয়ারকে পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার এর লাইন   ... ..ইত্যাদি।..
"আচ্ছা এতো ভালো গোলটা কেন ক্যানসেল হলো?"
-অফসাইড হলো তো!
"আচ্ছা এটা  কি অফসাইড?"
-না


লক্ষ্য করলাম উত্তর সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্রথমদিকে বোঝাবার চেষ্টা, পরের দিকে হাল ছেড়ে দেওয়া!
সে যাগ্গে ফুটবলের technicalities  ......
প্রায় দুবছর বাদে আবার কিছু হিজিবিজি লিখতে পেরেই আমি খুশি ।

বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।
তোমরা পড়লে, বাহবা দিলে  .....
ধন্যবাদ হিজিবিজিকে - অনেক মজার মধ্যেও অনেক সাহস, অনেক শক্তি!
Thank you all...

কাল কান পেতে শুনলাম World Cup কি বলে........

বসে ছিলাম একটি মাস, অসীম ধৈর্য ধরে,
কে জিতবে আমায়, কেগো নেবে আপন করে !
কান্না হাসি উত্তেজনায়, ভরিয়ে সবার মন,
ক্যালেন্ডারের পাতায় চোখ আটকে অনুক্ষণ!
খেলার মতন খেলা হলো, হে হারে কে জেতে,
ছুটলো সবাই বলের সাথে, উঠলো জগত মেতে!
মাতলাম আমি মেসির হাতে, জিতের উন্মাদনা,
বইলাম আমি ফরাসি চোখে হয়ে অশ্রুকণা !

সবার চাইতে বড় হলো খেলার মাঠে খেলা,
হারজিত তো আছেই লেগে, কাপ মেডেলের মেলা!
কেউ জিতবে, কেউ বা যাবে ভালো খেলেও হেরে,
কেউবা আবার হেরেও নেবে সকলের মন কেড়ে!
কান্না হাসি পাশাপাশি, তবেই জীবন চলে,
হারকে যে নেয় আলিঙ্গনে, তাকেই জয়ী বলে।

স্বপ্ন নতুন উঠবে সেজে কত আমায়  ঘিরে,
কান্না হাসির লোভে আবার আসবো আমি ফিরে!
দিন গোনা আজ শুরু হলো, আবার নামবো মাঠে,
হাসবো কাঁদবো খেলবো আবার হিজিবিজির পাঠে!

Sunday, 4 December 2022

....কুছ ভি হো সক্তা হায়



আজ রবিবার 
আগামী চারটে দিন খুব ক্রিটিকাল - লাইফ মে কুছ ভি হো সক্তা হায়  .......
কিছু হিজিবিজি বিধিবিধান দিয়ে রাখলাম ...
Till Friday : May the best team win.

কাল সোমবার 
সকালে উঠিয়া, উত্তরে দুই ঘটি জল,
দুপুরে নিরামিষ, সাথে হরিতকি ফল,
বৈকালে প্রার্থনা, ধুপ ধুনো সাথে, 
রাত্তিরে মাখিবে সাবু নিজ হাতে ।

পরশু মঙ্গলবার 
সকালে উঠিয়া চিবায়ে তুলসীর পাতা, 
দুপুরে খিচুড়িভোগ গুনে দুই হাতা, 
বৈকালে হাঁটু মুড়ে করিবে যোগাসন,
রাত্তিরে গীতা পাঠ দিয়া প্রাণমন ।

তরশু বুধবার  
সকালে উঠিয়া কাচা গেরুয়া পরনে 
আমলকি ছেঁচে খাবে প্রতি দুইক্ষনে, 
বৈকালে গামছা পরে দেবে জলে ডুব 
ভজন গাইয়া মাথা ঝাঁকাইবে খুব ।

ঘরশু বিশুতবার 
সকালে উঠিয়া জলে ছাতু খাবে গুলে,
পাঁচালি পড়িবে সবে শুধু দুলে দুলে,
বৈকালে এক ঘটি বানাইবে ঘোল,
নেচে নেচে বলিবে বল হরি বোল !

এ প্রথা মানিয়া যে দল করিবে পালন,
গোলদেবীর কৃপাদৃষ্টি পাইবে অনুক্ষণ !
পেনাল্টি, কর্নার,  সব যদি চাও,
বিধি মেনে আজ থেকে সব করে যাও। ..
শুক্কুরে কিবা হবে, ভেবে দিশেহারা,
মেসি আর ভার্জিলে কাঁপাইবে পাড়া  ...............

 



Sunday, 27 November 2022

কবিগুরু ক্ষমা করবেন হিজিবিজিকে

কবিগুরু ক্ষমা করবেন হিজিবিজিকে 
Argentina -Mexico 
২-০
[স্টেডিয়াম এ গান ]



মেসি আমার মেসি ওগো, মেসিতে জীবন ভরা,
মেসির খেলায় মুগ্ধ কাতার, মেসি হৃদয় জোড়া ।
নাচে মেসি নাচে ও ভাই মোদের প্রাণের কাছে,
খেলে মেসি খেলে ও ভাই, বিশ্বকাপের মাঝে ,
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। ..

মেসির স্রোতে পাল তুলেছে বিশ্বকাপের গতি,
মেসির ঢেউয়ে উঠলো নেচে নিন্দুকেরও মতি...

গোলে গোলে মেসি ও ভাই, যায়না যেন গোনা।
ফ্যানের মুখে হাসি ও ভাই , পুলক রাশি রাশি, 
আশার আলোয় ফিরলো মেসি এমন মনোহরা। ...


Wednesday, 23 November 2022

Omedetto gozaimasu : Congratulations!

#হিজিবিজি 



Konnichiwa Konnichiwa গোল দিলো দুইখান,
Gutentag এর সেকেন্ড হাফে বেরিয়ে গেলো প্রাণ ।
Hajimete এ অঘটন ঘটলো কেমন করে?
Bitte bitteর দল আহা ফিরছে দেখি ঘরে। ..
Sushi-sashimi-র স্বাদে আজ জিভে আসে জল,
Bratwurst দুঃখে কাঁদে, পায়ে পেলোনা বল !
এক গোলেই যেই না খুশি Herr Gundogan,
বদলে দিলো পরিণতি Ritsu-Takuma-san !!


Tuesday, 22 November 2022

যত্ত সব হিজিবিজি পাঁচালি

 [পাঠকদের কাছে অনুরোধ লক্ষী পাঁচালির মতন সুর করে পড়ুন...]




GOAL !!!!!!

ARG — Lionel Messi  — 10th min.
SAU — Saleh Al-Shehri — 48th min.
SAU — Salem Al-Dawsari — 53rd min.


ঘরে ঘরে হাহাকার, বুক ভরা ব্যথা,
শোন সবে বলি আজি মেসি ব্রতকথা ।
পায়ে বল মেসি ছোটে বুলেটের মতো,
চোখবুজে মন্ত্র জপে, ভক্ত আছে যত !
মেসি মেসি করে সবে, মেসি করে গোল,
ভক্তজনে দুহাত তুলে বলে হরি বোল ! (10th minute)
গোলে গোলে ভরে যাক সৌদির ঝুলি,
মা, মাগো কালীঘাটে জোড়া পাঁঠাবলি !
অকস্মাৎ ঘটিল মর্তে ভীষণ অঘটন, (48th & 53rd minute)
সৌদির দুই গোল ভেঙে দিলো মন ।
ভক্তগণ দুঃখী বড়, একি হলো আজ,
কাতারের স্টেডিয়ামে পড়িল যে বাজ !
প্রার্থনা বৃথা গেলো, একি অভিশাপ ,
মর্তের ইতিহাসে এমন হয়নি তো বাপ !
কৈলাশে মহাদেবের জ্বলে ত্রিনয়ন,
পার্বতী রেগেমেগে kitchen এ গমন ।
হেনকালে বীনাহস্তে নারদ মুনিবর,
আসিলেন লইয়া সাথে কাতারের খবর !
কহিলেন, প্রভু আপনি বড় দয়াময়,
মেসিরে বাঁচান প্রভু থাকিতে সময় !
আজ হইতে বাঙালি করিবে উপবাস, 
মেসির নামে মাদুলি বাঁধিবে সারা মাস !
দুবেলা খিচুড়ি ভোগ পাঁচ ভাজা সাথে,
রাত্তিরে ফলাহার  দুধ সাবু পাতে ।
মঙ্গলে নির্জলা, বিস্সুতে কীর্তন,
শনিতে হরিলুঠে বাতাসা আয়োজন !
রবিতে বিপদতারিণী সুতো বাঁধা লাল, 
বুধে তিলক কেটে সাজাবে কপাল ।
সোমে ঢালবে জটায় দুধ ভক্তগণ,
হাঁচিকাশিতে প্রভু অযথা জ্বালাতন !

Chill মুনিবর, মৃদু হেসে মহাদেব কন ...
পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত, দেখে নেবোখন ।
মেসিরে কহিও মুনি, আমিও যে ফ্যান,
এক পায়ে বল নিয়ে করি তারই ধ্যান।
বাঙালিরে কহিও পাঁচালি করিতে পঠন,
FIFA-দেবীর কৃপাদৃষ্টি পাইবে অনুক্ষণ !

Saturday, 12 November 2022

শাশুড়ি-বৌমা ছড়া-সংবাদ

আজ থেকে অনেক বছর আগের কথা । এখন ভাবলে মনে হয় আগের জন্মের গল্প। 
ঠিক যেন একটা স্বপ্ন । তারপর হঠাৎ করে যেন ঘুম ভেঙে যাবার অনুভূতি। 
সে যাগ্গে, ঘুম যখন ভেঙেছে, তখন চোখ খুলে আবার বাস্তবে ফিরতে তো হবেই। 
বাস্তব স্বপ্ন নয় ঠিকই, তবে বাস্তব ও সুন্দর 😊, এগিয়ে চলার উপায়  .....
চরৈবেতি, চরৈবেতি, চরৈবেতি ..

তখন জাপানে থাকতাম। বিয়ে করলাম এক ভারতীয় ওলন্দাজকে  (সেই গল্প বলবো আরেকদিন)।
বিয়ের পরেও এক বছর জাপানে থাকতে হয়েছিল পিএইচডি শেষ করার জন্য। অবশ্যই ঝুড়ি ঝুড়ি মন খারাপ হতো সেইসময় ।কর্তা ফোন বিল সামলাতো, আর আমি লিখতে ভালোবাসতাম চিঠি ।
জানতে পারলাম শাশুড়িমা ছড়া লেখেন । আমি ও হিজিবিজি লিখতে ভালোবাসতাম । 

শুরু হলো শাশুড়ি বৌমা ছড়ায় চিঠি।

আজ এক মেঘলা দুপুর  - পুরোনো একটা বাক্স - কিছু হাতে লেখা সুন্দর চিঠি - কিছু মনের কথা - কিছু সুন্দর অনুভূতি খুঁজে পেলাম । 
স্মৃতির হাত ধরে পৌঁছে গেলাম অনেক গুলো বছর আগের সময়ে। .....




শাশুড়ির মনের কথা
(কিন্তু লিখেছে বৌমা, জাপান ২০.৩.২০০০)

কোলে করে, পিঠে করে, বুকের কাছে আগলে ধরে ,
তিলে তিলে বড় হলো আমার গোবর্ধন,
তার কপালে জুটলো কেন, শাঁকচুন্নি ভূতনি হেন,
আহা, বাছার একি নির্যাতন ।
প্যান্ট পরে, শার্ট পরে, ভুলেও পরেনা শাড়ি,
একটা কাজ করতে বলো, মুখ করবে হাঁড়ি। ...
সিনেমা দেখার নামে এক পায়ে হয় খাড়া,
লাল টুকটুকে রং মেখে ঠোঁটে বেরিয়ে বেড়ায় পাড়া ।
কোথায় বসে শান্ত হয়ে শিখবে সাধের রান্না,
উল কাঁটায় গাঁথবে কাঁথা করবে ঘরকন্না। 
হায় রে গাবু, কি হবে তোর আমি যদি চোখ বুজি,
এই জন্যই বলেছিলাম আমি পাত্রী খুঁজি  ....
তা সইলো না তোর তর ,
হায় রে বাছা, কি করে তুই 
এরে নিয়ে করবি এখন ঘর?
[শাড়ির আঁচল এ চোখ মুছতে মুছতে ]

বৌমার মনের ইচ্ছে 
(লিখেছে বৌমা, জাপান ২০.৩.২০০০)

সবার থেকে অনেক দূরে লিখছি আমি বসে,
লেখাপড়ার নাইকো শেষ, মরছি অঙ্ক কষে ।
থাকলে কাছে ঠিক দুপুরে, দিতেম সেজে পান,
রাতের বেলা গানটি গেয়ে, ভরিয়ে দিতেম কান ।
পায়ে দিতেম মালিশ করে বুদ্ধুহুতুম তেল,
মাথার কাছে হাত পাখাটি, চলতো without fail ।
বিকেলবেলা নিজের হাতে বেঁধে দিতেম কেশ 
আদা দিয়ে চা বানাতাম, লাগতো তোমার বেশ ।
কুটনো কেটে বাটনা বেটে , এগিয়ে দিতেম হাতে,
রুই মাছের মুড়োখানি , দিতেম তোমার পাতে ।
সবার কাছে বলতে তুমি, বৌমা বড় ভালো,
সেবার কোনো নাইকো ত্রুটি  ঘর করেছে আলো ।

গাবুর মায়ের উত্তর 
(লিখেছে শাশুড়ি , কলকাতা ২৫.৪.২০০০)

মিছেই কেন দিচ্ছ দোষ গোবর্ধনের মাকে 
কোনো নালিশ নেই তার, মানে ভাগ্যটাকে ।
ইচ্ছে ছিল পাত্রী খুঁজে, বৌ আনবো ঘরে ,
সারলো গাবু সেই কাজটি, খুবই বুদ্ধি করে ।
ইন্টারনেটে পছন্দ করা , এলো গাবলী রানী ,
বড় ছোট সবার মাঝে, সবেধন নীলমনি !
নাইবা দিলো সিঁথির সিঁদুর , অঙ্গেতে নেই শাড়ি 
শার্ট প্যান্ট আর বব চুলেতেই আলো শশুরবাড়ি ।
রান্নাবান্না ঘরকন্নায়  নাইবা দিলো মন,
টিভি আর সিনেমাতে মগ্ন সারাক্ষন,
লিপস্টিকেতে রাঙিয়ে ঠোঁট, হাই হিলটি পায়ে,
এমন সাধের বৌ ছেড়ে গাবু একলা হায় ।
রূপের যে নাই তুলনা, গুনের নেই শেষ,
দেখে শুনে বলে সবাই, বাহ বেশ বেশ ।
গাবু আর গাবলী রানীর, জুড়ি মেলা ভার 
দুইজনেতে গড়বে মিলে, সুখের সংসার ।।


💕
..........খুব সুন্দর ছিল সময়টা ।



Thursday, 26 August 2021

বই পোকা


আজ অনেকদিন বাদে একটু হিজিবিজি লিখতে ইচ্ছে করলো । 
একটা বাংলা বই পড়তে পড়তে স্মৃতির কোণায় কিছু ঘটনা উঁকি ঝুঁকি দিলো বলে বোধহয় ..
বাংলা বইয়ের প্রতি ভালোবাসা জন্মেছিলো তিনটি প্রধান সূত্র থেকে ।

১. হাই স্কুলের বাংলা টিচার :  
ব্যাকরণটা একদমই ভালো লাগতো না জুনিয়ার স্কুলে। ওই সব সন্ধি-ফন্ধি, কারক-ফারক, সমাস-ফমাস। কোনোরকমে মুখস্থ করে পরীক্ষায় পাস্ নম্বর আনার জন্য পড়তাম। সত্যি বলতে কি, কান ঘেঁষে পাস  করতাম প্রত্যেকবার। হাতের লেখাটা ভাল ছিলো, হয়তো বা দু-এক নম্বর neatness এ দিয়ে পাস করিয়ে দিতেন মিসরা । সে যাগ্গে, এখন ব্যাকরণ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। বাংলা ভালো লাগতে শুরু করলো ক্লাস ৮ থেকে। ভালো  লাগার কারণ দুই বাংলা মিস। মিস মিত্র আর মিসেস চৌধুরী । দুজনে হাতে কলমে বাংলা ভালোবাসতে শিখিয়েছিলেন। সন্ধি-কারক-সমাসের উর্দ্ধে মনের ভাব কি ভাবে প্রকাশ করে আনন্দ পাওয়া যায় তাই শিখিয়েছিলেন । বাংলা লিখে ও পড়ে আনন্দ পেতে শিখিয়েছিলেন । ইংলিশ বইয়ের পোকা বরাবরই ছিলাম কিন্তু ওনারা বাংলা বইয়ের পোকা করে দিয়েছিলেন। স্কুলের বাংলা বইয়ের ছোট্ট লাইব্রেরিটা হয়ে উঠেছিল এক বিরাট আকর্ষণ। শরদিন্দু বন্দোপাধ্যায়ের লাল রঙের অমনিবাস হয়ে উঠেছিল নিত্যসঙ্গী!  কখনো ফিজিক্স বইয়ের ভেতর লুকিয়ে, আবার কখনো লেপের তলায় টর্চ জেলে। 
বইপোকা!

২. জেঠতুতো দিদি : 
দিদি আমাদের ভাইবোনদের মধ্যে সব থেকে গুণী । পড়াশোনায় যেমন ভালো আবার তেমনি গল্পের বইয়ের পোকা । কিন্তু ওই পড়াশোনায় ভালো বলে সাত খুন মাফ - কেউ কিছু বলতোনা - সে যতই গল্পের বই পড়ুক। আমি বরাবরই দিদির খুব ন্যাওটা, আবার খুব বন্ধুও । প্রত্যেক বছর যখন জামশেদপুর যেতাম গরমের বা পুজোর ছুটিতে, তখন দিদির সাথে পাড়ার ক্লাবের লাইব্রেরি যেতাম ।  নিয়মকরে প্রায় রোজ সন্ধেবেলা । লাইব্রেরিয়ান কাকু দিদিকে দেখলেই বলতেন "আর নতুন কিছু বই নেই তোকে দেবার, সবই তো তোর পড়া !!"। সেটা শুনে  আমার খুব মজা লাগতো । আমার তখন বাংলা বইয়ের প্রতি তেমন আকর্ষণ নেই । দিদি দুপুর বেলা বই পড়তো শুয়ে শুয়ে । আসতে আসতে আমার হাতেও দু একটা উপন্যাস ধরাতে লাগলো । কোনটা প্রেমের গল্প, কোনটা ডিটেক্টিভ রহস্য, কোনটা ভ্রমণকাহিনী   -- 'বড়দের' লাইব্রেরি থেকে 'বড়দের' বই!  সে এক দারুন  উত্তেজনা । অনেক লেখকের সাথে আলাপ করালো দিদি,  গরমের দুপুরে বিছানায় গড়িয়ে গড়িয়ে বাংলা গল্পের বই পড়ার আনন্দ অনুভব করালো । সে অভ্যেস টিকে গেলো। বইপোকা!

৩. মাসি :  
আমার খুব ঘনিষ্ট বান্ধবীর মা । আমাকে ভীষণ ভালোবাসতেন । মাসির বাড়িতে আলমারিটা ছিল একটা ছোট খাটো লাইব্রেরি । বাংলা বই এ ঠাসা । কস্তুরী আর আমি একসাথে টিউশন পড়তে যেতাম। যাবার পথে ওকে ডাকতে গিয়ে টুক করে একবার আলমারির সামনে দাঁড়াতাম । কোন বইটা? কোন বইটা? চাইবো?  কোনটা চাইবো? বাড়ি নিয়ে যাবো বইটা? মা আবার বকবে নাতো? মাথায় হাজার প্রশ্ন।
এমনি একদিন মাসি জিজ্ঞেস করলো , "সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' পড়েছিস?" । বললাম , না পড়িনি । মাসি আলমারি থেকে বার করে হাতে দিলো প্রথম আলোর দুটো খন্ড ।প্রচন্ড ভালো লেগেছিলো । যেন মনের একটা জানলা খুলে গেছিলো । তারপর থেকে প্রচুর বই পড়েছি ওই আলমারি থেকে। কিন্তু মনের কোনায় সেই দিন থেকে  "প্রথম আলো" গেঁথে আছে কিছুভাবে । মাসি আজ নেই কিন্তু আমার জীবনে  মাসি আর মাসির বইয়ের আলমারির বিশাল অবদান। বইপোকা!

সময় বদলেছে, আমার জীবন ও হঠাৎ করে একদম বদলে গেছে ।

আজ অনেকদিন বাদে হাতে 'প্রথম আলো ' বইটা তুলে নিয়েছি । কয়েক পাতা পড়েই মন চলে গেলো অতীতে ।বাংলা মিস, জেঠতুতো দিদি আর মাসিকে মনে মনে ধন্যবাদ জানালাম । ভাগ্গিশ আমাকে 'বইপোকা' বানিয়েছিলো।......

জীবনের যে কোনো  সময়ে  বইয়ের মতন ভালো বন্ধু আর হয়না ।

Friday, 21 May 2021

Emoticon জিন্দাবাদ !

 😍😃😎
জীবনের একটা কঠিন সময় তোদের নিয়েই কেটে গেলো এবং যাচ্ছে । 
তোদের  স্রষ্টাকে অনেক ধন্যবাদ।
একটা সময় তোদের কেবল মাত্র মজা করে ব্যবহার করেছি, আজ তোদের ভরসায় দূর থেকে ভালোবাসা, বন্ধুত্ব, সহায়তা, শক্তি, আরো অনেক কিছু অনুভব করার চেষ্টা করি ।
Real আর virtual এর তুলনা করা উচিত নয় । বন্ধুর গলা জড়িয়ে যে আনন্দ সে কি আর একটা symbol এ পাওয়া যায়? কিন্তু আজকে যখন সবাই দূরে , কারোর সাথে দেখা হওয়ার কোনো উপায় নেই, তখন তোরা  যে কত বড় সম্বল তা বলে বোঝানো মুশকিল  .......
Emoticon জিন্দাবাদ !

🤗 
কাছে নেই জানি, যখন দূরে সকল আপনজন,
উষ্ণ স্পর্শ নিয়ে তুমি হাজির ভার্চুয়াল আলিঙ্গন  .......
সত্যি বলছি  ..Virtual hug 🤗 also works!!
হাত বাড়ানো এই ছোট্ট ইমোটিকন আজকাল অনেক কথা বলে, অনেক স্পর্শ অনুভব করায় । হলোই বা ভার্চুয়াল, মনের অনুভূতিটা তো বয়ে আনে ।

❤️ 
তোমায় ভালোবাসি চাই জানাতে  আমি প্রতিক্ষনে,
তাই পাঠালাম টুকটুকে এক হৃদয় তোমার সনে   ............
হাজার হাজার মাইল দূর থেকে রোজ সকালে নিয়ম করে কিছু হৃদয় আসে - জানান দেয়  আমাকে ভালোবাসে ।কাছে আসার অনেক ইচ্ছে মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়, খানিকটা অসহায়ই বলতে পারো । তবু ঘুম চোখ খুলেই একটা ❤️ পাঠাতে পারলেও যেন খানিকটা নিশ্চিন্ত । কিছুভাবে যেন কানেক্টেড হতে পারা ।

 😜
সামনে যদি থাকতে তুমি, মাটিতে হেসে গড়াগড়ি,
দূরে বলে ইমোজি দিয়ে সেই ইচ্ছে পূরণ করি.... 
আরে বাবা, এই বাজারে কৌতুকরস 😜অত্যন্ত জরুরি। ইমিউনিটির অব্যর্থ ওষুধ ।
চারিদিকের এই পরিস্থিতে ঠোঁটের কোণে হাসি যেন আর আসেনা । অনেক মজার কথা বলতে ইচ্ছে করে কিন্তু কত আর ফোনে বলা যায়? তবু চেষ্টার ত্রুটি নেই, তাই মজার কথা লিখে সাথে যায় জিভ বার করা এক চোখ বোজা ইমোজি। .
তোমার মুখে হাসি দেখতে চাই ।

😭
পাঠিওনাকো সুদূর থেকে চোখের পাতা ভিজে,
ভালো কিছু স্মরণ করে মুছেই ফেলো নিজে। ..........
নাহ , এইখানা পাঠিয়ে কোনো লাভ নেই । চোখের জল দূর থেকে মোছানো একেবারেই সম্ভব নয়। ওটা নিজেকেই সামলাতে হবে যতদিন না দেখা হচ্ছে।আমার মতে এনাকে বেশি ব্যবহার করে লাভ নেই । 

😃😁😊 এই তিন মূর্তি clear winner !!
এদের সাথেই কঠিন সময়ে ছড়াও অনেক হাসি 
যেখানে থাকো এক নিমেষে জানাও ভালোবাসি। ......... 

#হিজিবিজি 


Tuesday, 11 May 2021

চরৈবেতি

চরৈবেতি ।
শব্দটার সাথে পরিচয় হলো কয়েকদিন আগেই ।এক বন্ধু নিচের ছবিতে (ফেসবুকে) কমেন্ট রেখেছিলো। ..
মানেটা ভালো করে বোঝার জন্য একটু গুগল করলাম। 
(Google ছাড়া জীবনের কোনো উপলব্ধিই আর আজকাল সম্ভব নয় )😀
ভীষণ মনে ধরলো কথাটা।
চরৈবেতি : সামনের দিকে এগিয়ে চলার মন্ত্র ।
Keep walking, Keep walking ..........


चरैवेति…चरैवेति!!!
चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुदुम्बरम्।
सूर्यस्य पश्य श्रेमाणं यो न तन्द्रयते चरंश्चरैवेति॥ 
(ऐतरेय ब्राम्हण ७.१५)
चलते रहो, चलते रहो…
Keep moving, keep moving…

 

বেদ উপনিষদ গীতা বুঝিনা । তাই এই শ্লোকের বিশ্লেষণ করতে পারবোনা । 
শুধুমাত্র জীবনের কিছু সাধারণ ঘটনা দিয়ে এই অসাধারণ শব্দটাকে  উপলব্ধি করার চেষ্টা করছি।  
খুব  প্রিয় জিনিস হারিয়ে যাবার পরে জীবন যখন থেমে যায় , মনে হয় উঠে দাঁড়ানোর শক্তি বুঝি আর নেই, 
ঠিক তখন ........
একটা শব্দ । 
চরৈবেতি । 
এগিয়ে যাবার শক্তি। মনের মধ্যে গেঁথে গেলো ........

                                 *****

১.

রবিবার ব্রাঞ্চের উপমা ও-ই বানাতো। ঘি মসলা জমিয়ে পড়তো তাতে । তারপর সারাদিন অল্প অল্প করে অনেকবার খেতো ।নীলা বানালেই বলতো, দূর, মসলা আর নুন আরো লাগবে, তবেই স্বাদ খুলবে । কখনো বলতো,  এহ একেবারে বিধবাদের উপমা বানিয়েছিস।
নীলা মুখ গোমড়া করতো ।
*
হালকা সবুজ  রংটা বরাবরই ভালো লাগে নীলার । একটা নতুন ফ্রেশ ফিলিং ।যত্ন করে পাটে পাটে পিন লাগিয়ে পরেছিল সেদিন। ও বললো , 'এখন থেকেই বিধবাদের মতন সাজছিস কেন?" । 
হেসে উঠেছিল নীলা ।
*
আজ রবিবার। নীলা হালকা সবুজ শাড়িটা পরে জমিয়ে উপমা বানিয়েছে । ও নেই তাই কোনো কমেন্টও নেই ।অনেক চেষ্টা করেও মসলা আর নুন মনে হচ্ছে ঠিক দিতে পারেনি। খোলেনি তেমন টেস্ট ।
তবু আজ সারাদিন অল্প অল্প করে অনেকবার খাবে নীলা ।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ...........

২.

ওর  ভালো লাগতো cast Iron এর  ভারী পাত্রটাতে রান্না করতে । প্রোফেসনাল Chef দের মতন। 
শখ করে কিনেছিলো, যত্ন করে ব্যবহার করতো। রান্না হয়ে গেলে আবার ধুয়ে মুছে রাখতো। চট করে অন্য কেউ হাত দেওয়ার সাহস করতোনা ।
নীলার অবশ্য কোনোদিন ভালোও লাগতো না ওই বাসনটা । বড্ড ভারী। 
যদিবা কোনোদিন রান্না করেও ফেলতো, রান্নার পর ধুতে ভীষণ রাগ হতো । গজগজ করতো ।
বলতো , "হাত  ব্যথা করে এইটা ধুতে, কেন যে কিনিস এই ভারী বাসনগুলো".....
ও বলতো, "তোর কব্জিতে কোনো জোর নেই। ভিজিয়ে রেখে দে, আমি পরে ধুয়ে দেব"
অনেক স্মৃতি ওই বাসনটা ঘিরে । স্ট্যু আর ইতালিয়ান রিসোত্তো ওই পাত্রে তৈরী করতো ও। 
উইকেন্ডে রান্নার দায়িত্ব ছিল ওর ।
আজ রবিবার । নীলা আজ ওই পাত্রতে  Stew বানালো ।খাওয়া দাওয়া মিটিয়ে পাত্রটা ধুয়েই রাখলো একবারে।
আজ তেমন ভারী লাগলো না।
মনটা যে আজ অনেক বেশি ভারী।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ........... 

৩.

বাড়ি ঢুকেই  ঘরের লাইট জ্বালাবার আগে ও টিভি অন  করতো । বরাবরের অভ্যেস । 
গত ২০ বছর ধরে দেখছে নীলা। দুনিয়ার নিউস না দেখলে চলতোনা ।
সারাদিন CNN অসহ্য লাগতো নীলার। রেগে মেগে মাঝে মাঝে দুকথা শুনিয়েও দিতো।
"কি যে নিউজ দেখিস সারাদিন যেন সারা জগতের দায়িত্ব তোর!"
"আরে বাবা, TV টা ব্যাকগ্রউন্ড মিউজিকের মতন, চলুক"। 
নীলা বেশি অশান্তি করলে, mute করে দিতো TV টা । মুচকি মুচকি হাসতো কিন্তু টিভি অফ করতো না ।
এখন ও নেই। 
তবু CNN চলে সারাদিন। CNN এর নিউস anchor রা কথা দিয়ে ভরিয়ে রাখে শূন্যস্থান ।
মাঝে মাঝে নীলার ইচ্ছে করে কিছু বলতে, কথাগুলো ঠোঁট অবধি এসেও যায় কিন্তু  ...
ঢোক গিলে কথা বলতে শিখছে নীলা।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ........... 

*****

All characters in this are fictitious. Any resemblance to real persons, living or dead is purely coincidental.

😍


Thursday, 31 December 2020

কুড়ি-কুড়ির বিচার পাঁচালি


২০২০: চললাম বুঝলি, সামলে নিস। .....

২০২১: যা বাঁশ দিয়ে যাচ্ছিস, সামলা বললেই কি আর সামলানো যাবে?  

২০২০: আরে বাবা দোষটা তো আমার নয় । করলো কেউ! ভুগছে কেউ! 
লোকজন আমাকে ভাগাবার জন্য এমন উঠে পড়ে লেগেছে যেন এই লাস্ট দিনটাও আর সহ্য করতে পারছে না। আমি যেন একেবারে দু চোখের বিষ হয়ে উঠেছি ।মনটা একেবারে ভেঙে গেছে। কত আশা নিয়ে এসেছিলাম। ২০২০, একটা স্পেশাল নম্বর । একটা  স্পেশাল বছর হবো! তা সব প্ল্যান ভেস্তে দিলো কোরোনা।
 কোরোনার গুষ্টির নিকুচি করেছে! হতভাগা , নচ্ছার !

২০২১: যাগ্গে যাবার বেলায় মন খারাপ করিস না । সব খারাপের মধ্যেও কিছু না কিছু ভালো থাকে। তোর ও আছে।

২০২০: জানি।  তা সেগুলো নিয়ে তোদের ওই হিজিবিজিকে বলনা একটা পাঁচালি  লিখতে। 
...একটু শান্তি মনে হ্যান্ডওভার করে যেতে পারি তাহলে।..

কুড়ি-কুড়ির বিচার পাঁচালি 


পৌষের মৃদু হাওয়া নির্মল আকাশ |
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস ।|
পদ্মে বসে দাবা খেলেন লক্ষীনারায়ণ,
Queens Gambit দেখে ভরেছে যে মন ।।
হেনকালে বীণা হস্তে নারদ মুনিবর ,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর||
কহিলেন, প্রভু মর্তে সকলে গুনিছে প্রহর,
কতক্ষনে বিদায় হবে কুড়ি-কুড়ির বছর!
মায়া লাগে দেখে তারে, একি অবিচার 
সকলের ঘৃণা দৃষ্টি, যেন সব দোষ তার।
প্রভু আনিলাম বার্তা তার আপনার সনে 
কুড়ি-কুড়ির বিচার হোক বিদায়ের ক্ষনে। ......

"সাজিয়ে স্বপন-ভরা ক্যালেন্ডারের পাতা 
আমিও খুশি মনে খুলেছিনু খাতা।
কোরোনার জ্বালায় বলো আমার কি দোষ,
আমিও ধুচ্ছি হাত, মুখেতে মুখোশ ।
আমাকে জানাতে বিদায় সয়না সবুর,
কিছু শেষ কথা বলে চলে যাবো দূর। ....
কুড়ি-কুড়ি, একসাথে বাড়ি বসে পরিজনে,
কাটিয়েছো সময় কত, এই কথা রেখো মনে !
কুড়ি-কুড়ি, ঘরে থেকে করেছো নিজের কাজ, 
ঝাড়ু পোছা সব কিছু, নেই তাতে কোনো লাজ ।
কুড়ি-কুড়ি, হেথাহোথা যাওনি অযথা ভ্রমণে,
আকাশ হয়েছে নীল, বাতাস ভরেনি দূষণে ।
কুড়ি-কুড়ি, মূল্য বুঝেছো সাধারণ ডালভাতে,
জেনেছো সবার থাকেনা তাও রোজ পাতে। 
কুড়ি-কুড়ি, দূরে থেকেও চেয়েছো আসতে কাছে, 
শিখেছো তারও কত উন্নত উপায় আছে !
কুড়ি-কুড়ি, হারানো শখগুলো ঝেড়েমুছে নতুনে,
কেউ গেয়েছো গান, কেউ রান্না যতনে! 
কুড়ি-কুড়ি, করেছো ক্ষমা, ভুলেছো অনেক দ্বেষ,
জেনেছো অল্পেও খুশি থাকা যায় বেশ ।
কুড়ি-কুড়ি, দিয়েছো সময় নিজেকেও কিছুক্ষন 
দুঃসময়, তবুও কেমন ভালো রেখেছো মন ।
কুড়ি-কুড়ি, মন্দের মাঝে যদি একবারও পড়ে মনে,
একটুকু হাসি রেখো তুলে তুমি মোর সনে ।
কুড়ি-কুড়ি, চললাম তোমাদের সকলকে ছেড়ে 
নতুন আশার সাথে সাজিও কুড়ি-একুশেরে ।"


শুনিয়া অশ্রুজলে ভাসিল দেব নয়ন,
অবিচার সত্যি, কহিলেন নারায়ণ !
কুড়ি-কুড়ি কেটেছে কষ্টে, তবু মোরা ঋণী তার ,
শিখিয়ে দিলো জীবন এক অমূল্য উপহার !

Friday, 27 November 2020

দাম্পত্য কলহ: লেডি, ল্যাডা, লুডো



 

একটা  মস্ত বড় সাদা বাড়িতে 'প্রথম লেডি' আর 'প্রথম ল্যাডা' লুডো খেলছেন। 
খুব জমেছে । কাজের চাপ এমনিতেই কম  ....দাম্পত্য কলহ না লেগে যায়। ..

লেডি  : দুই ছক্কা পাঁচ!  এক দুই তিন চার পাঁচ! আমার নীল গুটি দিয়ে তোমার লাল গুটি খেলাম। 
এবার তুমি ঘরে.  .....

ল্যাডা : মোটেই না, আমার গুটি ওখানে ছিল না। তুমি চিটিং করছো গিন্নি!

লেডি : ইসস, বললেই হলো! আমি বলে কখন থেকে ওই লাল গুটি খাবো বলে বসে আছি !

ল্যাডা : না তুমি গুনতে ভুল করেছো! You tricked me! I want a recount!

লেডি : একদম না, আমি গুনে গুনে দান দিয়েছি ! হার স্বীকার করতেই হবে। ..

ল্যাডা : কখনো না! I am flawless! I will make Ludo a great game again.....

লেডি : আহা  খেলায় হার জিত তো আছেই । sportingly হার মেনে নেওয়াও এক ধরণের জিতের পরিচয়!

ল্যাডা : খেলবোনা! ব্যাস!

[বোর্ড - গুটি তছনছ করে উঠে গেলেন ল্যাডা  । মুখ গোমড়া , ফোঁস ফোঁস ]
[নেপথ্য সঙ্গীত :   Haari baazi ko jeetna Humein aata hain..woh sikandar hi
Doston kehlaata hain......]

TV তে Niden তখন তার টিমের খেলোয়াড় বাছাই করছে । ল্যাডা আড়চোখে সেদিকে তাকিয়ে]

ল্যাডা  :  মেলু, অ মেলু , শুনছো, এ বুড়ো বলে কি! "Diplomacy is back"? তা আমি কি ডিল্পোমাটিক নই গিন্নি?

লেডি  : তুমি? ডিপ্লোমেটিক? এই কথার সত্যি উত্তর দিলে আজ দাম্পত্য কলহ লেগে যাবে! 
কিন্তু আজ আমাকে সত্যি কথা বলতেই হবে ।দাঁড়াও , বুঝিয়ে বলছি।

সেদিন সুন্দর করে মাছের মুড়ো দিয়ে ছ্যাঁচড়া বানালাম , তুমি খেয়ে বললে ,"ওয়াক থু, কি বিটকেল গন্ধ"
ঘরে নতুন পর্দা লাগলাম, দেখে বললে , "UGLY !! এগুলো কি বিছানার চাদর কেটে বানানো?"
নতুন একটা শাড়ি পড়লাম, দেখে আঁতকে উঠে বললে, "ছিঃ কি বাজে  লাগছে, তোমার চেহারায় শাড়ি মানায় না"
চুল সেট করিয়ে এলাম পার্লার থেকে , বললে, "বাইরে কি হারিকেন ? নাকি টাইফুন ? বিচ্ছিরি উস্কখুস্ক চুল"
ছেলেকে বললে "গাধার ছানা" (সেটা না হয় ok )
মেয়েকে বললে "বোকার হদ্দ !তোর দ্বারা কিস্সু হবেনা"
মিডিয়াকে বললে  "ফেক নিউজ " 
কোথাও দেওয়াল তুলে দিলে, কোথাও গ্লোবাল ওয়ার্মিং ধূলিসাৎ করে দিলে।......
এমন বানান ভুল দেশের প্রেসিডেন্ট করে? Covfefe ?
তুমি? ডিপ্লোমেটিক?

এতদিন একসাথে আছি। একটু তো শিখবে আমি কেমন করে গুছিয়ে মিষ্টি হেসে diplomatically কথা বলি ।
" প্রাণনাথ, আরেকটু ভাবো । টুইট করার আগে একটু চিন্তা করো । তুমি এত্ত বড় দেশের প্রেসিডেন্ট , এমনি ছেলেমানুষি করলে চলে? মানুষকে যা খুশি বলার আগে তাদের কথাও  শুনে নাও। মিথ্যে কথা বলা উচিত না । চুলগুলো কেটে ফেললে তোমাকে আরো স্মার্ট দেখাবে ।  ইত্যাদি ইত্যাদি।.."

আমি কি কোনোদিন বলেছি , তুমি একটি আস্ত কুমড়োপটাশ ?
নাও নাও আর গোমড়া মুখ করে বসে থেকোনা । বাড়ি বদলের অনেক কাজ। ...
আলমারির মাথা থেকে সুটকেসগুলো নামাও। .
Stop throwing tantrum(p)s and help me with packing!!

********************************************************************

মা , ওঠো ওঠো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে যে....
স্বপ্নটা ভেঙে গেলো। কখন অ্যালার্ম বেজেছে শুনতেই পাইনি। ....
বাঙালির গ্যাস অম্বল তো আছেই, সাথে এই স্বপ্ন-রোগটাও বেশ ভয়াবহ!